তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক রুবেলের ওপর হামলা, মাথায় গুরুতর আঘাত
Spread the love

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক রুবেলের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। আঘাতের ফলে তার মাথা ফেটে রক্তপাত হতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ জুন) রাতের দিকে কারওয়ান বাজারে একুশে টেলিভিশনের পাশের গলিতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই এলাকার কিছু অবৈধ দোকানদার ও মাদকসেবী সংঘবদ্ধভাবে রুবেলের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত রুবেলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হতে দেখা যায়। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।

সাংবাদিকদের দাবি, পেশাগত দায়িত্ব পালন এবং জনস্বার্থে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের কারণে সাংবাদিকরা প্রায়ই হামলা ও হয়রানির শিকার হন। রুবেলের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনক বলে মনে করছেন তারা।

এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। একই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবৈধ দোকানপাট ও মাদকসেবীদের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। তবে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

Recent Comments

No comments to show.