টিসিএর কল্যাণ তহবিলের প্রথম অনুদান পেলেন আবু তালেব হাসান
ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬: টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) কল্যাণ তহবিল থেকে প্রথম অনুদানের চেক পেয়েছেন সংগঠনের সদস্য আবু তালেব হাসান। বুধবার রাজধানীর মোহাম্মদপুরে বিডিএম হাসপাতালে চিকিৎসাধীন আবু তালেব হাসানের হাতে এ চেক তুলে দেওয়া হয়।
এদিন টিসিএর সাধারণ সম্পাদক মৃধা মোহাম্মদ রিপনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল তাঁকে দেখতে হাসপাতালে যায়। এ সময় তাঁর হাতে কল্যাণ তহবিলের অনুদানের চেক হস্তান্তর করা হয়।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মো. নূরে আলম, দপ্তর সম্পাদক তপন কুমার সাহা এবং কার্যনির্বাহী কমিটির সদস্য অরুণ চন্দ্র হাওলাদার।
টিসিএর কল্যাণ তহবিল সংগঠনের নিয়মিত সদস্যদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং অসুস্থতা ও সংকটকালীন সময়ে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে গঠন করা হয়েছে। এ তহবিলের মাধ্যমে সদস্যদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের নেতারা জানান, নিয়মিত সদস্যদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সদস্যদের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং তাঁদের কল্যাণ নিশ্চিত করতে টিসিএ প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য গত ৯ অক্টোবর টিসিএর সদস্য ও মোহনা টেলিভিশনের সিনিয়র চিত্র সাংবাদিক আবু তালেব হাসান মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।