টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮)-এর কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার (৯ জুন) সন্ধ্যা ৬টায় রাজধানীর কারওয়ান বাজারস্থ টিসিএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে সাংগঠনিক দায়িত্ব ও গুরুত্বপূর্ণ নথিপত্র হস্তান্তর করে।
উল্লেখ্য, ২০০৯ সালে টিসিএ’র প্রথম নির্বাচনের পর থেকে সংগঠনের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও সাংগঠনিক সংস্কৃতির অংশ হিসেবে প্রতিটি নির্বাচনের পর আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তরের এ প্রক্রিয়া অনুসরণ করা হয়ে আসছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন টিসিএ’র অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ভূঁইয়া।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার জিয়া জহির পল্লব এবং নির্বাচন কমিশনার শহিদ ইসলাম ও হুমায়ুন কবির টিটু। তাঁরা নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।
এসময় সৌজন্য বক্তব্য প্রদান করেন টিসিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সল মিল্লাত জামি, প্রতিষ্ঠাতা সদস্য মামুন হোসেন, ফজলুল হক ও কামরুল হাসান লেলিন, সাবেক সভাপতি হারুন অর রশিদ ও ফারুক হোসেন তানভীর, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহসীন মুকুল, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মৃধা মোহাম্মদ রিপন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে টিসিএ’র ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে সদস্যদের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন গড়ে তোলাই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য।
অপরদিকে, অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠাতা ও সাবেক নেতৃবৃন্দ সংগঠনের গৌরবময় পথচলার কথা স্মরণ করে বলেন, টিসিএ টেলিভিশন চিত্র সাংবাদিকদের একমাত্র পেশাজীবী সংগঠন। ভবিষ্যতেও সংগঠনের ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মর্যাদা অটুট রাখতে হবে এবং টিসিএ যেন সবসময় একটি ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে এগিয়ে যেতে পারে, সে বিষয়ে সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক তফসির মোঃ হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক দপ্তর সম্পাদক আল মাসুম সবুজ এবং বর্তমান দপ্তর সম্পাদক তপন কুমার সাহা (তপু)।
এসময় টিসিএ’র সাবেক ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দায়িত্ব হস্তান্তর পর্ব শেষে মিষ্টি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
টিসিএ’র নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর